
মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদের আত্মত্যাগ স্মরণে এবং বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছর আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে দর্শকের কাছে তুলে ধরতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২৬শে মাঘ থেকে ৩০শে মাঘ (০৯-১৩ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন এবং পুরো প্রাঙ্গণ জুড়ে চলেছে এই উৎসব। ধারাবাহিক আয়োজনের ১৯তম আসরে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র কয়েকটি ক্যাটাগরিতে প্রদর্শনীর পাশাপাশি ছিলো পুরনো দিনের বাংলাদেশি সিনেমার পোস্টার প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্য উপস্থাপনা, প্রদর্শিত সিনেমা সমূহের কলাকুশলীদের সাথে সরাসরি মত বিনিময়সহ নানা আয়োজন। উৎসবের শেষদিন বিগত বছরে মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রকে ‘হীরালাল সেন পদক’ দেয়া হয়।







