
‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ তিন দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (Dhaka University Film Society- DUFS) চলচ্চিত্র শিল্পের নানান দিক বিকাশে ও প্রসারে বিশেষ অবদান রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ও বাংলাদেশে প্রচলিত ভাষাসমূহের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এক নিদর্শন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্বপ্রথম কোন বৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।
৩০ মাঘ হতে ৫ ফাল্গুন, ১৪২৪ (১২ হতে ১৭ ফেব্রুয়ারি, ২০১৮) টিএসসি মিলনায়তনে ও টিএসসি প্রাঙ্গণ জুড়ে চলেছে এই উৎসব। এবারের আয়োজনে প্রধান সহযোগী হিসেবে ছিলো সারাবাংলা(sarabangla.net)। ধারাবাহিক আয়োজনের ১৭তম এই আসরে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিলো পুরোনো দিনের বাংলাদেশী সিনেমার পোস্টার প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্য উপস্থাপনা, প্রদর্শিত সিনেমা সমূহের কলাকুশলীদের সাথে মত বিনিময়সহ নানা আয়োজন ।
